পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, হামিদ মণ্ডল জইশ-ই-মোহাম্মদের একটি শাখা সংগঠনের সদস্য। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামিদের কাছ থেকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং ভিআইপি মুভমেন্ট-সংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।
পুলিশের আরও অভিযোগ, হামিদ পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছিলেন। তিনি শুভেন্দু অধিকারীর অবস্থান ও গতিবিধির তথ্য কাশ্মীরে পাঠাতেন বলেও তদন্তে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই তদন্ত শেষ হওয়ার আগে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না। একই সঙ্গে তার দাবি, শুধু তিনিই নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জঙ্গিদের লক্ষ্যবস্তুতে থাকতে পারেন।
উল্লেখ্য, এর আগে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।
তবে পুলিশের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হামিদ মণ্ডল বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

