আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ থেকে :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা দমন ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানার একটি দল মোবারকপুর ইউনিয়নের কানসাট–গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

