শিল্পখাতে গ্যাস সংকটের জন্য সময়োপযোগী সিদ্ধান্তের অভাবকে দায়ী করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তবে এ সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শওকত আজিজ রাসেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
বিটিএমএ সভাপতি আরও জানান, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায়, কী ধরনের এবং কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার। এসব তথ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

