ফাইয়াজ ওয়াজেদ সামী, স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন ঠিকানা পেলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
শুক্রবার (২৪ জুলাই) ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে ভোজিনিয়া চিলিতে পৌঁছাবেন। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে কোলো কোলোর নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে গিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে তার আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তিতে সই করেছেন তিনি।
আসল নাম জোসিমার দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনিয়া’ নামেই পরিচিত। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে শেষ ৩২-এ তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় দলটি।
তবে বিদায়ের আগেই নিজের অসাধারণ গোলকিপিং দক্ষতায় বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন ভোজিনিয়া। স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে নজর কাড়েন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা করে নেন বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা একাদশেও।
৪০ বছর বয়সেও ক্যারিয়ার চালিয়ে যেতে আগ্রহী ভোজিনিয়া সম্প্রতি সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এমন একটি ক্লাবে খেলতে চান, যারা তাকে শুধুমাত্র প্রচারণার জন্য নয়, বরং তার ফুটবল সামর্থ্যের মূল্যায়ন করে দলে নেবে। সে সময় তাকে ঘিরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল।
বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার জনপ্রিয়তায়ও। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে।
নতুন ক্লাবে যোগ দেওয়ার ঘোষণাও ইতিবাচক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করছেন, ভোজিনিয়ার এই সাফল্য নতুন প্রজন্মকে গোলরক্ষক হওয়ার অনুপ্রেরণা জোগাবে। এমনকি ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির পোস্টে মন্তব্য করে লিখেছেন, “The Best”।
বিশ্বকাপের আলোচিত পারফরম্যান্সের পর এবার দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাব কোলো কোলোর জার্সিতে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

