সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধিঃ
সিলেট নগরীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ,শাড়ি,কসমেটিকস ও সিরাপ রয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিএসসি,সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে, শাহপরাণ (রহ.) থানার টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আভিযানিক দলটি কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করে।
একপর্যায়ে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানার সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল নামিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে র্যাব ও বিজিবি সদস্যরা সেটিকে আটক করেন। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৩০টি বিভিন্ন ধরনের ভারতীয় ট্যাবলেট, ১০০টি ভারতীয় শাড়ি, ৮০টি ACNASOPT ফেসওয়াশ, ১০০টি KETODERM শ্যাম্পু, ২৯টি GLUSTER সিরাম, ১ হাজার ২৯০টি CODL সিরাপ এবং ৪৯৭টি BONZVA সিরাপ।
র্যাব জানিয়েছে,উদ্ধার করা চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ৫২ বিজিবি,সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,সীমান্তপথে চোরাচালান প্রতিরোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

