সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বাজারে যৌথ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজারের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্য রাখার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,জসিম এন্টারপ্রাইজের মালিক জসিমকে ৫ হাজার টাকা,সানজার ফার্মার মালিক কাজী আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা এবং মেসার্স বিজয় স্টোরের মালিক বিজয় করকে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
র্যাব জানায়,ভোক্তার অধিকার সুরক্ষা,নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা ভোক্তা অধিকার আইন অমান্য করে জনস্বার্থবিরোধী কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

