মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ চারজন নিহত হওয়ার ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা ট্রাকচালক মো. খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার খোকন সাকিদার বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তাঁর দুই সন্তানকে নিয়ে ভ্যানে করে ডোমারের শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রতিমা রানী রায় (২৮), তাঁর ছেলে যাদব কৃষ্ণ (৪), মেয়ে পৃত্তশা (৭) এবং ভ্যানচালক পরিমল চন্দ্র রায় (৩৮)-কে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
এ ঘটনায় নিহত প্রতিমা রানী রায়ের স্বামী প্রদীপ চন্দ্র রায় গত ১৬ জুলাই ডোমার থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা করেন।
র্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি চালিয়ে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প ও র্যাব-১২ বগুড়ার যৌথ দল শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে বগুড়া জেলার গাবতলী থানার বালিয়াদিঘী চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক ট্রাকচালক খোকন সাকিদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

