স্টাফ রিপোর্টার, এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বা’দ আছর সৈয়দপুর বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সিরাজদিখান থানা বিএনপির সদস্য কামরুল হাসান এবং সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক নজরুল ইসলাম বাপ্পি।
প্রধান অতিথি ছিলেন রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান কাজল, ঢাকা উত্তর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বুলেট, সিরাজদিখান জাসাসের সভাপতি সাইফুল ইসলাম শানু, রাজানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু তৈয়ব সনেট, বিএনপি নেতা ওমর ফারুক রিগ্যান, বাদরুল মনির, শাহীন আলম ও ব্যবসায়ী গোলাম মোর্শেদ স্বপন।
প্রধান অতিথি জসিম উদ্দিন খান খোকন মাদক ব্যবসায়ীদের ১৫ দিনের মধ্যে এ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এরপরও কেউ মাদক ব্যবসা চালিয়ে গেলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
বিশেষ অতিথি ফরহাদ হোসেন বুলেট বলেন, মাদক নির্মূলে শুধু বক্তৃতা নয়, জনসম্পৃক্ত কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের তথ্য গোপনে সংগ্রহ, স্থানীয় জনগণের মতামত নিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মসজিদ-মন্দিরভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না এবং মাদকমুক্ত সমাজ গঠনে দলীয় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
বিশেষ অতিথি মাহবুবুর রহমান কাজল বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এলাকায় মাদকবিরোধী সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা মাদক নির্মূলে নানামুখী কার্যক্রম ও পরিকল্পনার কথা তুলে ধরন।
সভায় বক্তারা রাজানগর ইউনিয়নকে মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

