সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত সিআর মামলার আসামি সোহাগ মিয়া (৩০)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামি আলমাছ মিয়া এবং মো. জুবায়ের আহমেদ জুবেরকেও আটক করা হয়।
এদিকে,র্যাবের সহযোগিতায় একই রাত ১টা ৩৫ মিনিটের দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি টেলিকম দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে মকবুল হোসেন (৩০),মো. বাবুল মিয়া (২৮),মো. সোয়েব আহমেদ (৩৮) এবং আব্দুল বাসিত (৩৬)কে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান,অনলাইন জুয়ার ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

