পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নয়; বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনাই এখন প্রধান অগ্রাধিকার। এ জন্য পুনর্বাসনের পাশাপাশি অবকাঠামো পুনর্গঠন ও কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান শহরের পরিষদ রেস্টহাউজ চত্বরে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে ধাপে ধাপে সরকারি উদ্যোগে তাদের পুনর্বাসন করা হবে। এছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষুদ্রঋণগ্রহীতাদের স্বস্তি দিতে বিভিন্ন ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

