জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রসিকিউশন সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তাদের ভূমিকা খতিয়ে দেখা হয়েছে। তদন্তে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ নীতির আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের সহিংস ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশনা প্রদান এবং অপরাধ সংঘটনের পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে ওই দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে।
এদিকে, জুলাই আন্দোলন ঘিরে আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রী ও নেতার বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতির তথ্যও প্রকাশ করেছে প্রসিকিউশন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর রাজ্জাকসহ প্রায় ১০ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে পৌঁছেছে।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

