মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সাথে বাসটি সামনে থাকা ট্রাকটিকেও সজোরে ধাক্কা দেয়, যার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এই সংঘর্ষে পিকআপটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালক ও পিকআপচালকসহ মোট ৩ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে যাওয়া ট্রাক থেকে চালককে জীবিত উদ্ধার করে।
আহতদের উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকে পুলিশের অভিযান চলছে।

