এস কে রাসেল দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:
গত কয়েক দিনের টানা ও প্রবল বর্ষণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর-বাচামারা সড়কসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার অনেক স্থানে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে রাস্তা ধসে পড়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ যাত্রীরা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দৌলতপুর-বাচামারা সড়কের কয়েকটি অংশ। সড়কের একাংশ ধসে যাওয়ায় সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়রা ঝুঁকি নিয়েই চলাচল করছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম এবং জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হবে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

