দেশের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলতি বছরের মধ্যেই আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, হাসপাতালগুলোতে ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি চলতি মাসেই আমদানি করা হবে। পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস শয্যা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, মিডওয়াইফ ও কেয়ারগিভারদের বিশেষ স্ক্রিনিং যন্ত্র দিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হবে, যাতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা সম্ভব হয়।
পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে দেশজুড়ে নতুন করে জন্মনিয়ন্ত্রণ সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় পরিবার পরিকল্পনা সামগ্রী সহজলভ্য করার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।
দেশের স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উপজেলা হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এসব হাসপাতালে আধুনিক প্যাথলজি বিভাগ, ডায়ালাইসিস সেন্টার, ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নারসহ বিভিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা রয়েছে।

