মো. ইলিয়াস সানি,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে তজুমদ্দিন থানার এসআই (নিরস্ত্র) আর এম জাকির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়ালিয়া এলাকার পঞ্চায়েত নগরের ৭ নম্বর ওয়ার্ডে সবুজের ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কপিল চন্দ্র দাস (২৪) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
গ্রেপ্তারকৃত কপিল চন্দ্র দাস তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা। তিনি হিমাংশু চন্দ্র দাসের ছেলে।
তজুমদ্দিন থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

