আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি অফিসের ভবনে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ছে। এতে অফিসের বিভিন্ন কক্ষ জলাবদ্ধ হয়ে পড়ছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র, সরকারি কাগজপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতির মুখে পড়ছে।
অফিস সূত্রে জানা যায়,
বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে বিভিন্ন কক্ষ ভিজে যায়। ফলে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকিও দেখা দিয়েছে।
এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কৃষিসেবা নিতে আসা কৃষকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় পানি পড়ার কারণে নির্ধারিত কক্ষে বসে অফিস পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টদের দাবি, ভবনটির দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা না নিলে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষি বিভাগের সেবাও ব্যাহত হতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

