এম শাহীন আল আমীন, জামালপুর :
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে একটি বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানোর) অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- ‘বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম সাবেক এমপি নূর মোহাম্মদকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।’
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা বলেন- “২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে ঢাকায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে শোন এরেস্ট দেখানোর অনুমতি দিয়েছেন। আগামী ১৪ জুলাই তার জামিন শুনানি রয়েছে, আমরা আশা করি তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইবেন। জামিন শুনানির দিন রিমান্ড শুনানির পর আদালত পরবর্তী সিদ্ধান্ত দিবে।”
গত ২৭জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

