সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে পরবর্তী সময়ে আলাদা আদেশ জারি করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে পারবেন। এদিকে, কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান কর্মস্থলের তথ্য উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
এ ছাড়া ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজনে এই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

