তীব্র গরমে ফ্যাশনের চেয়ে আরামকে প্রাধান্য দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে আরামের সঙ্গে স্টাইলও ধরে রাখা সম্ভব, যদি পোশাক বাছাই হয় সঠিকভাবে।
প্রথমেই বেছে নিন হালকা রঙের পোশাক। সাদা, অফ-হোয়াইট, বেইজ, আকাশি, মিন্ট সবুজ, হালকা গোলাপি কিংবা লেমন ইয়েলো রঙ সূর্যের তাপ কম শোষণ করে, ফলে শরীর তুলনামূলক ঠান্ডা থাকে।
কাপড়ের ক্ষেত্রে কটন, লিনেন, খাদি বা রেয়ন সবচেয়ে উপযোগী। এসব কাপড় বাতাস চলাচল সহজ করে এবং ঘাম দ্রুত শুকাতে সাহায্য করে। অন্যদিকে পলিয়েস্টার বা ভারী সিনথেটিক কাপড় দীর্ঘ সময় পরলে অস্বস্তি বাড়তে পারে।
ডিজাইনের ক্ষেত্রে লুজ ফিট বা ওভারসাইজড পোশাক বেছে নিন। অতিরিক্ত টাইট পোশাক গরমে অস্বস্তি বাড়ায়। ছোট প্রিন্ট, মিনিমাল ডিজাইন, স্ট্রাইপ বা সলিড কালারের পোশাক গরমে যেমন আরামদায়ক, তেমনি দেখতে থাকে ট্রেন্ডি।
পায়ে রাখুন স্যান্ডেল, লোফার বা হালকা স্নিকার্স। সঙ্গে ব্যবহার করুন সানগ্লাস, ক্যাপ বা টুপি এবং প্রয়োজনে সানস্ক্রিন। ব্যাগ বা অ্যাক্সেসরিজও হালকা ও মিনিমাল রাখলে লুক হবে আরও আকর্ষণীয়।
সবশেষে মনে রাখবেন, গরমে শুধু সুন্দর দেখানো নয়, স্বাস্থ্যকর ও আরামদায়ক থাকা-ও সমান গুরুত্বপূর্ণ। তাই এমন পোশাকই বেছে নিন, যা আপনাকে সারাদিন স্বস্তি দেবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং গরমের মধ্যেও রাখবে ফ্যাশনেবল।

