মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দুজন সিআর পরোয়ানাভুক্ত আসামি, একজন নিয়মিত মামলার পলাতক আসামি এবং অপর একজনকে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. সৈকত মজুমদার ও এএসআই (নিঃ) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পৃথক আরেকটি অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইন সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন। তারা হলেন—উপজেলার টাকই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সফিকুল ইসলাম এবং একই গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম।
এ ছাড়া একই রাতে থানার একটি নিয়মিত মামলার (মামলা নং-০৮(৭)২৬) পলাতক আসামি মো. ফখরুল খাঁনকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) গ্রামের মৃত আবুল হাসেম খাঁনের ছেলে।
এদিকে, মাদক সেবনের অপরাধে মো. শাহরিয়ার (৩৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল এএসআই (নিঃ) লিংকন কুমার নাথের সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে এ সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফতেহাবাদ গ্রামের মো. সালাম মুন্সির ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “অপরাধ ও মাদক নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (মঙ্গলবার) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

