সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (০৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন আলী শ্রীমঙ্গল শহরের জালালীয়া রোড এলাকার মো. শুকুর আলীর ছেলে।
র্যাব জানায়,ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। শাহিন আলী ভাড়া বাসায় নারীদের ব্যবহার্য বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ভুক্তভোগী প্রায়ই তাঁর কাছ থেকে পণ্য কিনতেন।
গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী একটি জুতা কিনে বাড়িতে নেওয়ার পর সেটি পায়ে ছোট হওয়ায় পরিবর্তনের জন্য অভিযুক্তের বাসায় যান। এ সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাঁকে জোরপূর্বক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তিনি।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বারবার অনৈতিক সম্পর্কে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভিডিও মুছে দেওয়ার অনুরোধ করলে শাহিন আলী দুই লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে না পারায় অভিযুক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১ জুলাই শ্রীমঙ্গল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালায়।
র্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহিন আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

