ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ইরানের পবিত্র শহর কোমে উপস্থিত মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, একটি সড়কের পাশে বড় একটি পাত্রে রাখা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে তিনি জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের হাতে একে একে খাবারের প্যাকেট তুলে দেন। তবে ওই প্যাকেটগুলোর ভেতরে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, খামেনির মরদেহ মঙ্গলবার কোম শহরে পৌঁছায়। সেখানে টানা তৃতীয় দিনের মতো বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। কোমে জানাজা শেষে মরদেহ ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর মাজার জিয়ারতের জন্য নেওয়ার কথা রয়েছে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৩ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।

