তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। গ্রামের মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। তাই গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।”
সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং বিআরডিবির চেয়ারম্যান ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম উন্নয়নে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। তাঁর আমলেই খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়েছিল। আমরা পল্লীর উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেব। আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ ও সমবায় অধিদপ্তরের বিপুল সংখ্যক সদস্য।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

