দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন, হিট এক্সহসশন এবং হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই এ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত পানি পান, তেল-চর্বিযুক্ত ও অতিরিক্ত মসলাযুক্ত খাবারের পরিবর্তে মৌসুমি ফল, শাকসবজি খাওয়া জরুরী।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পানি পান করা গরমে সুস্থ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। তৃষ্ণা লাগার অপেক্ষা না করে নিয়মিত পানি পান করতে হবে। পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত কিংবা ওরাল স্যালাইন শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়ক হতে পারে। বাইরে বের হলে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করা এবং হালকা রঙের সুতি পোশাক পরা উচিত।
খাদ্যাভ্যাসেও রাখতে হবে সতর্কতা। তেল-চর্বিযুক্ত ও অতিরিক্ত মসলাযুক্ত খাবারের পরিবর্তে মৌসুমি ফল, শাকসবজি এবং সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় রোদে কাজ করতে হলে মাঝেমধ্যে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন।
এ ছাড়া শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। কারও মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমি বমি ভাব, শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত ঠান্ডা স্থানে নিয়ে প্রাথমিক সেবা দিতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সচেতনতা ও সঠিক অভ্যাসই পারে প্রচণ্ড গরমে সুস্থ ও নিরাপদ রাখতে।

