বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে কূটনীতি ও প্রতিরক্ষা খাতে নতুন “2+2 Dialogue” প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, “এখন আমরা ‘অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি’।
এর অর্থ সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা। সেই সহযোগিতাকে সমর্থন দিতে আমাদের নতুন ব্যবস্থাপনা প্রয়োজন।”
রাষ্ট্রদূতের মতে, এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের যৌথ বিবৃতিতে দুটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে Strategic Dialogue, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা হবে।
অন্যটি হলো “2+2 Dialogue”, যেখানে কূটনীতি ও প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা একসঙ্গে বৈঠক করবেন।তিনি আরও বলেন, ‘2+2’ মানে শুধু রাজনৈতিক আলোচনা নয়, বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতাও আমাদের রয়েছে।এটি সর্বোচ্চ পর্যায়ের সহযোগীতা”
উল্লেখ্য, 2+2 Dialogue সাধারণত এমন একটি উচ্চপর্যায়ের কৌশলগত সংলাপ, যেখানে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতের মন্ত্রী বা শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে বৈঠক করেন। এই ধরনের কাঠামো নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, সামরিক বিনিময় এবং বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বকে আরও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে ব্যবহৃত হয়।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ-চীন সম্পর্ক শুধু অর্থনীতি ও অবকাঠামোতেই নয়, কৌশলগত, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

