গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় শক্তিশালী করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) দলের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী তিনি এখন থেকে দলের নীতিগত অবস্থান, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে দলের প্রচার, যোগাযোগ ও গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

