তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র তিনটি শ্রেণিকক্ষে গাদাগাদি করে চলছে ৭১ শিক্ষার্থীর পাঠদান। ভবন সংকট ও পর্যাপ্ত জমির অভাবে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত বিদ্যালয়টি। এক সময় নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ এলেও জমি না থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি, বরাদ্দও ফেরত চলে যায়। ফলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তির আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ে রয়েছে মাত্র চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন। এর মধ্যে তিনটি কক্ষে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয় এবং একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে একাধিক শ্রেণির পাঠদান সমন্বয় করে পরিচালনা করতে হচ্ছে। এতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের জায়গা সংকট দীর্ঘদিনের। পর্যাপ্ত জমি না থাকায় নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের পাশের কিন্ডারগার্টেন বা মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত জমির সংকট নিরসন করে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভা রানী তরফদার বলেন, “বিদ্যালয়ের নতুন ভবনের প্রয়োজনীয়তা অনেক দিনের। কিন্তু জায়গা সংকটের কারণে ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। মাত্র তিনটি শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত জমির সমস্যার সমাধান প্রয়োজন।”
সদরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, “বিদ্যালয়টির ভবন নির্মাণের বিষয়টি আমাদের নজরে রয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় পূর্বের বরাদ্দ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জমি-সংক্রান্ত সমস্যার সমাধান হলে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

