শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে নিয়মবহির্ভূতভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
শুক্রবার (৩ জুলাই) ৭৩ বছর বয়সী এই সাবেক নৌপ্রধানকে আইনের আওতায় আনা হয়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০০৬ সালে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ না করেই যোশিতা রাজাপক্ষকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই প্রক্রিয়ায় কারান্নাগোডা ক্ষমতার অপব্যবহার করেছিলেন।
২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ সংঘাতের অবসানের সময় তিনি শ্রীলঙ্কার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ সালে তাকে ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ সম্মানসূচক পদ দেওয়া হলেও বর্তমানে তিনি সক্রিয় সামরিক দায়িত্বে নেই।
এর আগে গত মাসে একই মামলায় যোশিতা রাজাপক্ষকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ব্রিটেনের ডার্টমাউথ নেভাল কলেজে প্রশিক্ষণের জন্য সরকারি অর্থ অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের দাবি, যোশিতার নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণের পুরো প্রক্রিয়ায় সাবেক নৌপ্রধান নিজের ক্ষমতা বেআইনিভাবে ব্যবহার করেছেন, যা দুর্নীতির শামিল।
এদিকে যোশিতা রাজাপক্ষের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরেকটি মামলাও বিচারাধীন রয়েছে। তদন্তে জানা গেছে, সম্পদের উৎস হিসেবে পরিবারের এক আত্মীয়ের দেওয়া মূল্যবান রত্ন বিক্রির যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, তা সত্য নয় বলে প্রমাণ পাওয়া গেছে।
ওয়াসান্থা কারান্নাগোডার বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের জেরে ২০২৫ সালের মার্চে যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ ছাড়া ২০০৮-২০০৯ সালের মধ্যে ১১ জন তরুণকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের একটি পুরোনো মামলাও আবার সক্রিয় করা হয়েছে। রাজাপক্ষ সরকারের সময় মামলাটি স্থগিত থাকলেও, ২০২৪ সালে ক্ষমতায় আসা রাষ্ট্রপতি অনূঢ়া কুমারা দিশানায়েকের প্রশাসন দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তদন্ত পুনরায় শুরু করে।
বর্তমান সরকারের এই পদক্ষেপের ফলে রাজাপক্ষ পরিবার এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক মামলার তদন্তে নতুন গতি এসেছে। বিষয়টি শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: গালফ নিউজ।

