ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, খামেনির হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে এবং এর প্রতিশোধ নেওয়া হবে।
শুক্রবার তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আমির হাতামি বলেন, ইরানি জাতির প্রধান শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তারা দায়ী করছেন। তাঁর দাবি, খামেনির রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে এবং এ হামলার মূল্য সংশ্লিষ্টদের দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরান দাবি করে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে বিরোধ নতুন মাত্রা পেয়েছে।
সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে বিশ্লেষকদের ধারণা, তেহরান ভবিষ্যতে পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে এ বিষয়ে ইরান কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা

