যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত Empire State Building-এর প্রায় ১,৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচু অ্যান্টেনার চূড়ায় উঠে প্রেমের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন রাশিয়ার দুই রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী। তবে মুহূর্তটি ছিল ক্ষণস্থায়ী—নিচে নামার পরই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান বেয়ারকুস । তারা বিপজ্জনক উঁচু ভবনে ওঠার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই পরিচিত। ২০২৪ সালে তাদের জীবন নিয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র Skywalkers: A Love Story।
পুলিশের তথ্য অনুযায়ী, যুগলটি অনুমতি ছাড়া ভবনের সীমিত প্রবেশাধিকারযুক্ত অংশে প্রবেশ করে অ্যান্টেনার শীর্ষে ওঠে। সেখানে তারা একটি ব্যানার প্রদর্শন করেন এবং পরে নিচের একটি প্ল্যাটফর্মে এসে ইভান হাঁটু গেড়ে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন। অ্যাঞ্জেলা প্রস্তাবে সম্মতি দিলে দুজন একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন। ঘটনাটির ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ বিশেষ উদ্ধারকারী দল তাদের নিরাপদে নিচে নামিয়ে হেফাজতে নেয়। তদন্তে জানা যায়, ভবনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে তারা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ জানিয়েছে, এই আরোহন সম্পূর্ণ অননুমোদিত ছিল। কর্তৃপক্ষের ভাষ্য, ভবনটিতে বৈধ ও নিরাপদ উপায়ে বিয়ের প্রস্তাব দেওয়ার বিশেষ ব্যবস্থাও রয়েছে, তাই এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের কোনো প্রয়োজন ছিল না।

