জামালপুর প্রতিনিধি :
জামালপুর শহওে সিভিল জজ আহমাদুল কবির শাকিল ও সিভিল জজ নুসরাত জেরিন জেনি নামে দুই বিচারকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার সিসি ক্যামেরা বিকল করে গ্রীল ভেঙ্গে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকাসহ চুরি হয়। দুই বিচারক সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা ওই বাসার ভাড়াটিয়া।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার( ৩০ জুন) দিবাগত রাতে জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির শাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন ঘটনার সময় বাসায় ছিলেন না। তারা বাসায় না থাকায় কে বা কারা বাসার গ্রীল ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। রাত ৮ ঘটিকার সময় বাসায় ফিরে বাসার তালা খোলার চেষ্টা করেন। তালা খুলতে না পেরে তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করার পর চুরির বিষয়টি নিশ্চিত হন।
বাসার মালিক আনোয়ার হোসেন বলেন, বাসায় সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু ঘটনার সময় সিসি ক্যামেরা বিকল ছিলো। তিনি বলেন, পরিকল্পিতভাবেই চুরির ঘটনা ঘটেছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত কার্যক্রম চলমান। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলেই আইনগত প্রক্রিয়া শুরু হবে।

