আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রতিক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বায়েজিদ বোস্তামী, সিনিয়র সহসভাপতি নোমান ইবনে মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান স্মরণ।
নবনির্বাচিত সভাপতি মো. বায়েজিদ বোস্তামী বলেন, “দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলার শিক্ষার্থীদের জন্য একটি জেলা অ্যাসোসিয়েশন গঠনের চেষ্টা চলছিল। অবশেষে কুমিল্লার সন্তান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. আল আমিন স্যারের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব কুমিল্লার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
সংগঠনের নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলার বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আয়োজনের মাধ্যমে একটি শক্তিশালী শিক্ষার্থী নেটওয়ার্ক গড়ে তোলাই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য।

