বার্ষিক মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের জন্য বুধবার (১ জুলাই) সারাদেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেলের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বার্ষিক সমাপনী মজুদ গণনা ও সম্পদের বাস্তব যাচাই কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে দেশের সব ডিপো ও প্রধান স্থাপনায় এদিন তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম স্থগিত থাকবে।
তবে বিমান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্সে জেট-এ১ জ্বালানি সরবরাহ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিপোগুলোকে প্রয়োজনীয় যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে বিমান জ্বালানির সরবরাহ অব্যাহত রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বিপিসি।

