হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। এ ঘটনার জেরে পারস্য উপসাগর থেকে আটকে থাকা জাহাজ সরিয়ে নেওয়ার জাতিসংঘ-সমর্থিত কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত হওয়ায় বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। আগস্ট মাসে সরবরাহযোগ্য ব্রেন্টের মূল্য প্রতি ব্যারেল ৭৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। এর আগে দাম নেমে এসেছিল ৭২ দশমিক ৪৮ ডলারে।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে হওয়া সমঝোতার পর তেলের বাজারে যে স্বস্তি ফিরেছিল, নতুন হামলার কারণে তা আবারও অনিশ্চয়তায় পড়েছে। বর্তমানে ব্রেন্টের দাম সংঘাত শুরুর আগের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি অবস্থানে রয়েছে।
জ্বালানি বাজারের এই অস্থিরতার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। শুক্রবার লেনদেন শুরুর পর জাপানের নিক্কেই-২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি, হংকংয়ের হ্যাংসেং এবং তাইওয়ানের তাইএক্স সূচকে উল্লেখযোগ্য দরপতন দেখা যায়। টোকিও ও সিউলের প্রধান সূচকগুলো দিনের শুরুতেই ৩ শতাংশের বেশি কমে যায়।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক সমঝোতার পর এ পথে জাহাজ চলাচল বাড়তে শুরু করলেও নতুন হামলার ঘটনায় সেই স্বাভাবিক অবস্থা আবারও হুমকির মুখে পড়েছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, গত বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৭০টি জাহাজ চলাচল করেছে। এটি আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং চলতি বছরের ১ মার্চের পর সর্বোচ্চ।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত উৎস থেকে আসা একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। তবে এ বিষয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সাম্প্রতিক এই ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, নৌপথের নিরাপত্তা এবং বৈশ্বিক বাজারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

