সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক,ডেটোনেটর ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত মিশন এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল,২৩টি টিউবে সংরক্ষিত ৩ কেজি পাওয়ারজেল-৯০ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক,২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে,উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

