সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত পিকআপচালক লুকমান মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার শিমলাপল্লী এলাকার বাসিন্দা মো. রঞ্জু (৫১)। তিনি মো. ইসমাইলের ছেলে।
র্যাব জানায়,নিহত লুকমান মিয়া (২৬) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় পিকআপচালক ছিলেন। গত ৬ জুন ভোর সাড়ে ৫টার দিকে পিকআপ নিয়ে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে সাতগাঁও ত্রিমোহনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে তার পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং লুকমান গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয়রা আহত লুকমানকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গল এবং র্যাব-১৪-এর সিপিসি-১,জামালপুরের যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাত ৯টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসী পপুলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. রঞ্জুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

