মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম এইচআরসি মিডিয়া লিমিটেডের বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পরে আলোচনা সভায় বক্তব্য দেন।
বাংলাদেশ বুলেটিনের ঝালকাঠি জেলা প্রতিনিধি গাজী গিয়াস উদ্দিন বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার এবং প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ বুলেটিন বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও ন্যায়, সত্য ও জনস্বার্থের পক্ষে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথি মো. কাওছার হোসেন বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ বুলেটিন দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

