ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় মানবিক ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বুধবার (স্থানীয় সময়) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ভেনিজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশটিতে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্প ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে।
ট্রাম্প জানান, পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে দ্রুত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমেরিকা সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এই কঠিন সময়ে আমরা ভেনিজুয়েলার জনগণের পাশে থাকব।”
যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়নি, তবে ট্রাম্পের বক্তব্যে দ্রুত ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠানোর ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
ভেনিজুয়েলার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে বহু ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল।
তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

