এমএ আউয়াল আশিক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলন এবং সেখানে আত্মত্যাগকারীদের অবদানই ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক বাস্তবতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ না ঘটলে ২০২৬ সালের জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হতো না।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ইতিহাসে ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতো ২০২৪ সালও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ওই সময় যারা জীবন দিয়েছেন তাদের অবদান জাতির কাছে মর্যাদার সঙ্গে স্মরণ করা উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ও বিরোধী দলের অবস্থান তৈরি হওয়ার পেছনেও ২০২৪ সালের আন্দোলনের প্রভাব রয়েছে এবং শহীদদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।
সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, গণভোটে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। জনগণের এই রায়কে গুরুত্ব দিয়ে সংস্কার বাস্তবায়ন করা প্রয়োজন, অন্যথায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি দমনে প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান নয়। এতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়িক পরিবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নরায়ণগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার বিষয় উঠে এসেছে এবং অনেকে খোলামেলা মত প্রকাশে সংকোচ বোধ করছেন।

