মোঃ জালাল হোসেন, গোদাগাড়ী,রাজশাহী:রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কানাইডাংগা এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কানাইডাংগা এলাকায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।এতে হুমকিতে পড়ছিল স্থানীয় কৃষি ও পরিবেশ। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় সেখানে আচমকা অভিযান চালান ইউএনও ইসরাত জাহান।অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সত্যতা মেলায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।অভিযান পরিচালনায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন,“কৃষি জমি আমাদের অমূল্য সম্পদ। ফসলি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষির ক্ষতি করে কাউকেই ছাড় দেওয়া হবে না।”এদিকে ফসলি জমি রক্ষায় প্রশাসনের এমন ঝটিকা ও আইনানুগ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ও স্থানীয় কৃষকেরা। তারা আশা প্রকাশ করেন, এই অভিযানের ফলে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রবণতা বন্ধ হবে।

