আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক ও দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাবটি তুলে ধরা হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বিস্তৃত ও সমতাভিত্তিকভাবে এগিয়ে নিতে চায়। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি না থাকলেও বাংলাদেশ থেকে পাঠানো খসড়া দ্রুত চূড়ান্ত করা জরুরি।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে একটি সড়ক করার প্রস্তাব ছাড়াও পরিবেশ ও জলবায়ুর সামঞ্জস্য বিবেচনায় আর্জেন্টিনায় বাংলাদেশের কিছু দেশীয় গাছপালা রোপণের বিষয়েও উদ্যোগের কথা জানানো হয়।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা জানান, চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা থেকে জনপ্রিয় কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ভ্লগারকে বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। তারা বাংলাদেশে অবস্থান করে আর্জেন্টিনা ফুটবল দলকে ঘিরে ভক্তদের আবেগ ও সংস্কৃতি নিয়ে কনটেন্ট তৈরি করবেন, যা দুই দেশের জনগণের মধ্যে সংযোগ আরও বাড়াবে।

