মো. শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কেনাবেচার সন্দেহে নগদ ৫৩ হাজার ৫০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, একটি ক্রস বডি ব্যাগ এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত তিন মাদক কারবারি পালিয়ে যায়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে শাহজাহান আলীর বাড়িতে অভিযান চালায়।
পরে ঘটনাস্থলে ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম উপস্থিত হলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটরসাইকেলের বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় উদ্ধার হওয়া গাঁজা, নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামের শাহজাহান আলীর ছেলে আলমগীর হোসেন (২৫), শামসুল ওরফে শামসুদ্দিন (৪০) এবং মৃত জিন্নাত আলীর ছেলে শাহজাহান আলী (৬৫)।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

