সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো. লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।
পুলিশ জানায়,মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মৌলভীবাজারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি দল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত লিটন কুমিল্লার চান্দিনা থানার মামলা নং-২ (তারিখ: ১ ডিসেম্বর ২০০৯), জিআর নং-১৯৪/০৯ এবং দায়রা নং-১০৭৫/১৪-এর দণ্ডিত আসামি। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৩(খ)/২১/৩৩ ধারায় দায়ের করা হয়েছিল।
মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড,১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

