ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা চলমান সামরিক অভিযান বন্ধ করার জন্য সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
ট্রাম্প জানান, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, ওয়াশিংটনের নির্ধারিত শর্ত মেনে না নিলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পরপরই তা নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, হামলা বন্ধের অনুরোধ জানিয়ে তেহরান কখনোই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের মতে, চলমান সংঘাতের দায় এড়াতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
এদিকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার দাবি করেছে তেহরান।
মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযান ছিল ইরানের ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের জবাব।

