পটুয়াখালীর বাউফলে বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণ ও পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে। উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ শতাংশ জমির মালিকানা নিয়ে মোবারক আলী খান ও মজিবুর খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে গড়ালে গত ২৪ মে পর্যন্ত জমির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, আদালতের আদেশের পরও ২৫ মে মজিবুর খান ও তার লোকজন ওই জমিতে টিনশেড ঘর নির্মাণ শুরু করেন। বাধা দিলে প্রতিপক্ষের ওপর হামলা ও হুমকির অভিযোগও ওঠে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে মুচলেকা দিয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত কোনো কাজ না করার নির্দেশ দেয়। তবে এরপরও নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে মোবারক খানের পুকুর থেকে মাছ লুটের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মজিবুর খান।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

