মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দেড় বছর বয়সি ভাতিজাকে হত্যার পর ঢাকায় আত্মগোপনে থাকা ইউসুফ মোল্লা (৩৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যান।
নিহতরা হলেন, আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ। গুরুতর আহত হয়েছেন আমেনার স্বামী ও ইউসুফের বড় ভাই আব্দুস ছালাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি ঘটে এবং একপর্যায়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই রাতে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করে ভাবী আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। পরে বড় ভাই আব্দুস ছালাম বাধা দিতে গেলে তিনি আহত হন।
আহত আব্দুস ছালামকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে।
জেলা পুলিশের ওসি মানবেন্দ্র বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়।

