সত্যজিৎ দাস, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে বাদ জোহর জয়চণ্ডী ইউনিয়নের হজরত বিবিমাই (রহ.) মোকামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. আব্দুল মতিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়ার একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল মতিন দুইবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন কুলাউড়ার সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মরহুমের পরিবারের সদস্যরা।

