মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে দেশের বিভিন্ন জেলায়ও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাজশাহীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের আলুপট্টি শাখার সামনে “গ্রাহক ফোরাম”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে অনলাইনে পরিচালনা পর্ষদের সভার মাধ্যমে এমডিকে পদত্যাগে বাধ্য করার ঘটনা সাজানো হয়েছে এবং বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে এর পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা জরুরি।
বক্তারা আরও বলেন, বিতর্কিত নিয়োগ ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং অতীতের মতো গ্রাহক আস্থার সংকট সৃষ্টি করতে পারে। তারা ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানান।
এ সময় তারা কেন্দ্রীয় ব্যাংককে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং খুরশীদ আলমের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

