নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত নার্সের নাম জেরিন সুলতানা (২২)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা ছিলেন। কর্মজীবনে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জেরিন হামের উপসর্গে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তবে অবস্থার আরও অবনতি ঘটায় রোববার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। তিনি বলেন, “হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি।”
তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

