মো. শরিফ বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি:
দারিদ্র্যের কারণে বিয়ের তিন মাস পরও মেয়েকে শ্বশুরবাড়িতে বিদায় দিতে পারছিলেন না সৈয়দপুরের এক অসহায় আইসক্রিম বিক্রেতা। অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে সৈয়দপুর”-এর উদ্যোগে সম্পন্ন হয়েছে তার মেয়ের বিদায় অনুষ্ঠান।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা মিস্টল ইসলাম পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। ভাড়া বাসায় বসবাসকারী এই পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করে আসছে। প্রতিদিনের আয়ে কোনোমতে সংসার চালালেও মেয়ের বিদায় অনুষ্ঠানের ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
তিন মাস আগে তার বড় মেয়ে মিশু আক্তারের বিয়ে কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী এলাকার নুর মোহাম্মদ তাওহীদের সঙ্গে সম্পন্ন হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে বিদায় অনুষ্ঠান আয়োজন করতে না পেরে তিনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।
পরে বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে সৈয়দপুর”-এর নজরে এলে সংগঠনটি মেয়ের বিদায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব গ্রহণ করে। গত ৩১ মে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মিশু আক্তারের বিদায় সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে মিস্টল ইসলাম বলেন, “আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে আমি দুশ্চিন্তায় ছিলাম। হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় মেয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অনেক স্বস্তি পেয়েছি।”
স্থানীয়দের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে “হৃদয়ে সৈয়দপুর” এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। সংগঠনটির এ উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

